

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোর অভিযোগে বলরামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাতাকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা ওসি মমিরুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। এই উপলক্ষে (২২ জুন) গভীর রাতে আবুল কালাম আজাদ মেম্বার তার নিজ গ্রাম উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার সবুরের ছবি সম্বলিত একটি ব্যানার টানান। উক্ত ব্যানারের ছবি ফেসবুকে ভাইরাল হলে, তিতাস থানা পুলিশ অভিযান পরিচালনা করে আজাদ মেম্বার গ্রেপ্তার করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, তিতাস থানা পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করেনা। যারা অপরাধ করে বা করবে এবং শান্ত তিতাস অশান্ত করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।
