

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় মোঃ মোরশেদ আলম (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে মঙ্গলবার বিকালবেলা আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
জানা যায়, নিহত মোঃ মোরশেদ আলমের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার ২নং ওয়ার্ডে। তিনি মোঃ পেটান আলী ও মাতা মোসাঃ বুলু আক্তারের ছেলে। পারিবারিক জীবনে তিনি স্ত্রী নিশাত আক্তারকে নিয়ে মরফলা বাজারের ৭নং ওয়ার্ডে মোঃ বাদশা নামের এক ব্যক্তির দুইতলা ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাসার সিঁড়িঘরের চালের লোহার রডের সঙ্গে পরিত্যক্ত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, পাশের ওয়ার্ডের বাসা ভাড়া করে থাকতেন মোঃ মোরশেদ আলম। তিনি বলেন, “আজ বিকেলে খবর পাই, তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।” তিনি আরও জানান, নিহতের নিজ বাড়ি দোহাজারী এলাকায়।
সাতকানিয়া ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ডালিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
