

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার নেতৃত্বে ইউনিয়নের মাছিমপুর-বাতাকান্দি সড়কে এ বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ইউনিয়নের মাছিমপুর সড়ক ও বাজার প্রদক্ষিণ করে মাছিমপুর হাইস্কুল খেলার মাঠেও পাশে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী পথসভায় উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী হানিফের সঞ্চালনায় কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নির্দেশে কলাকান্দি ইউনিয়ন বিএনপি সারাক্ষণ মাঠে রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুপ্তভাবে রাতের আধারে সড়কের নামার চেষ্টা করছে। এছাড়া জনমনে আতংক তৈরি করার চেষ্টা করছে তাদের এসব অপচেষ্টা ও নাশকতার পরিকল্পনা রুখে দেয়ার জন্য কলাকান্দি ইউনিয়ন বিএনপির সংগঠনের সকলকে সাথে নিয়ে থানা বিএনপি মোকাবিলা করতে সবসময় মাঠে আছে এবং থাকবে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কর্মকাণ্ড এ দেশে করতে দেয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা শুধু পুলিশ নয় সামাজিক ভাবে আমাদেরও দায়িত্ব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ভান্ডারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আনোয়ার সরকার, বিএনপি নেতা জেবেল মেম্বার, কামাল মেম্বার, হাসান মাহমুদ অপু, যুবদল নেতা আল-মামুন ও বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
