

শহিদ জয়, যশোর: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সোমবার যশোরে সমাপ্ত হয়েছে।
সোমবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল এডিটর কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। প্রশিক্ষণটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, মহসিন মিলন প্রমুখ।
তিনদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এর আগে গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কর্মশালার উদ্বোধন করেন।
