

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় রাতের আধারে রেললাইনের ৫১টি স্লিপার ক্লিপ চুরির ঘটনায় রবিউল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে আটককৃত রবিউল ইসলামকে লালমনিরহাট আদালত প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার (২১ জুন) রাত ১০টার দিকে উপজেলার বড়খাতা বাজার এলাকা থেকে চুরির মালামাল বিক্রি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক রবিউল ইসলাম ওই উপজেলার রমনিগঞ্জ গ্রামের রাহবর হোসেনের ছেলে।
জানা গেছে, রোববার রাত ৯টায় বড়খাতা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে রেললাইনের ৫১টি স্লিপার ক্লিপ চুরি করে রবিউল। পরে ঘণ্টাখানেক পর বড়খাতা বিডিআর বাজার এলাকার আয়নালের ভাঙারির দোকানে চুরি করা ক্লিপ গুলো বিক্রি করতে যান তিনি। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই দোকান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় বড়খাতা রেল স্টেশনের ওয়েম্যান জেলাল হোসেন বাদী হয়ে রবিউল হোসেনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযোগকারী জেলাল হোসেন বলেন, গতকাল রাতে আমি জানতে পারি যে, আমার দায়িত্বরত এলাকায় কয়েকজন রেললাইনের স্লিপার ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে। সবাইকে আটক করা সম্ভব হয়নি৷ রবিউল ভাঙারির দোকানে বিক্রি করতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে৷
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, রেললাইনের ক্লিপ চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আটককৃতকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
