

রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: উপজেলা স্বাস্থ্য প্রশাসন এর উদ্যোগে আজ ২২ জুন-২০২৬ সোমবার কাহারোল উপজেলার অন্তর্গত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে ধারাবাহিক তদারকি কার্যক্রমের অংশ হিসাবে দশমাইলে অবস্থিত আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি ঝটিকা অভিযান সম্পন্ন হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোজাহিদুল ইসলাম। অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা কর্তৃক নির্দেশিত বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও নানাবিধ অসঙ্গতি পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে (আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, পাশাপাশি অভিযান পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ উক্ত অসঙ্গতিসমূহ দূরীকরণে প্রতিষ্ঠানটিকে এক মাসের নির্ধারিত সময়-সীমা বেধে দেয় এবং এক মাস পর আবারও সরেজমিনে তদারকি করে অবস্থার উন্নতি না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এই মর্মে হুশিয়ারি প্রদান করেন।
প্রসঙ্গত, এ সময় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সামিউল ইসলাম ও কাহারোল থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
