

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় আবসার মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জুন) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার ছৈয়দ নুরের দোকানের সামনে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল দ্রুত চারদিক থেকে এলাকা ঘিরে ফেলে। এ সময় আবসার মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক আবসার মিয়া হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার নুরুল আলম ও আমেনা খাতুনের ছেলে বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলেন বলে র্যাব জানায়।
আজ রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আটক ব্যক্তিকে জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
