ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২২
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

শ্রমিককে গুলি করার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে বাঙালি শ্রমিক জাহাঙ্গীর আলমকে গুলি করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি, এমনকি হরতাল আহ্বানের হুঁশিয়ারি দেন বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ।

তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে নিরীহ বাঙালিদের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদ, নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছোটন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হেলালসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

গত শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৭) আহত হন। অভিযোগ রয়েছে, ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram