ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে এক অসহায় প্রসূতি মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নিউ লাইফ ক্লিনিক এন্ড নরমাল ডেলিভারি সেন্টার।

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা এক দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে সিজারিয়ান অপারেশন, ওষুধ, খাদ্যসামগ্রী এবং নবজাতকের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার এলাকার বাসিন্দা শ্রীমতি সাগরী রানী তার দ্বিতীয় সন্তানের জন্মদানের জন্য প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে রংপুরে গিয়ে চিকিৎসা গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

শ্রীমতি সাগরী রানীর স্বামী উজ্জ্বল সরকার একজন প্রতিবন্ধী ব্যক্তি। সংসারের অভাব-অনটনের মধ্যে মেয়ের মতো পুত্রবধূকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন শ্বশুর রমনাথ। শেষ সম্বল হিসেবে বিয়ের সময় পাওয়া একটি কাঁসার প্লেট নিয়ে তিনি পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের পরিচালক তাওহীদ রহমান-এর কাছে সহায়তার আবেদন জানান।

পরিবারটির অসহায়ত্বের কথা শুনে পরিচালক তাওহীদ রহমান মানবিক বিবেচনায় সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, অপারেশনের পরবর্তী এক মাসের প্রয়োজনীয় সব ওষুধ, চাল, ডাল, ডিম, কাঁচাবাজার, প্রসূতি মায়ের পোশাক, নবজাতকের কাপড়, তেল, সাবান, পাউডারসহ শিশুর পরিচর্যার বিভিন্ন সামগ্রীও ক্লিনিকের পক্ষ থেকে প্রদান করা হয়।

সাগরী রানী বলেন, “আমি কখনো ভাবিনি এত বড় সহায়তা পাবো। বিনামূল্যে সিজার, সুন্দর পরিবেশে চিকিৎসাসেবা, ওষুধ এবং এক মাসের বাজারসহ প্রয়োজনীয় সবকিছু পেয়েছি। আমি খুবই আনন্দিত। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, এমন ভালো মানুষ যেন সবসময় মানুষের পাশে থাকেন।”

অপরদিকে আবেগাপ্লুত কণ্ঠে শ্বশুর রমনাথ বলেন, “আমাদের কাছে চিকিৎসার খরচ দেওয়ার সামর্থ্য ছিল না। নিউ লাইফ ক্লিনিক আজ আমাদের জন্য যা করেছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

বর্তমানে সাগরী রানী ও তার নবজাতক সন্তান মহিপুরে নিজ বাড়িতে সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়রা মনে করছেন, বাণিজ্যিক চিকিৎসাসেবার এই সময়ে নিউ লাইফ ক্লিনিকের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুকরণীয় উদাহরণ। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবারও একটি মহান উদাহরণ।

এলাকাবাসী নিউ লাইফ ক্লিনিকের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram