

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে একটি পাথর বোঝাই ট্রাকে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একজনকে আটক করেছে।
আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোঃ শফিকুুল শফিকুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৩)।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে ৮টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ সোনামসজিদ পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশী অভিযানে ট্রাকে রক্ষিত ভারতীয় পাথরের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায় এবং ট্রাকে রক্ষিত ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামীসহ ট্রাকের যন্ত্রাংশ এবং পাথরসহ ট্রাকটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ থাকে, এই ব্যাটালিয়ন গত ১৯ জুন ২০২৬ তারিখ পরিত্যক্ত একটি পুকুরে অভিযান পরিচালনা করে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক আটক করে।
