ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৬

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ উদ্বোধন

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বিভিন্ন নৃ-গোষ্ঠী ও বাঙালির বহুমাত্রিক ঐতিহ্যের বর্ণিল জীবনধারা এবং সংস্কৃতির মেলবন্ধনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, স্থানীয় আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের তৈরি হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়।

তিন দিনব্যাপী এ উৎসবে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ২৬টিরও বেশি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, নৃত্য এবং শৈল্পিক কারুকাজ উপস্থাপন করা হচ্ছে। উৎসবে মনিপুরী, গারো, খাসিয়া, উরাও, বুনারজি, শবর, গঞ্জু, কড়া, গৌড়, ত্রিপুরা, তেলেগু, হরিদাসসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্য, ঐতিহ্যবাহী খাবার এবং কৃষ্টি-সংস্কৃতি প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পারভেজ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা পরিমল শিং বাড়ইক, ভুবন সিংহ, খাসিয়া প্রতিনিধি ফিলাপত্নী, জিয়ানা মাদরাজী এবং গারো প্রতিনিধি পার্থ ভাজন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নৃ-গোষ্ঠীগুলোর পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আগামী ২১ জুন পর্যন্ত চলবে এ উৎসব।

আয়োজকদের আশা, হারমোনি ফেস্টিভ্যাল দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারাকে দেশ-বিদেশে পরিচিত করার পাশাপাশি শ্রীমঙ্গলকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram