

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সরকারি গ্যাস লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)।
মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত ১৬ জুন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পান।
অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস ‘টি’ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের বিল ও জরিমানাসহ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকার ক্ষতি হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, অবৈধ গ্যাস সংযোগ ও পরিবেশ দূষণকারী এ ধরনের কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
