

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, পিকআপের চালক সাভারের ব্রাক্ষণবাড়িয়া গ্রামের মো: আলমের ছেলে রাসেল মিয়া ও হেলপার একই গ্রামের মো: কাওছারের ছেলে
আরাফাত।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম মাতবর জানান, সন্ধ্যা সাতটার দিকে আরিচাগামী মুরগীবহনকারী একটি খালি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলাপার নিহত হয়। দুর্ঘটনায় আহত পিকআপের দুই শ্রমিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
