

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইস্তেহার অনুযায়ী পাইলট প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) রামগড় উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড় লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
আজ সারাদেশে ১৯টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারই ধারাবাহিকতায় পাইলট প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাইলট প্রকল্পের আওতায় রামগড়ে তৃতীয় পর্যায়ে ৪৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায় হতদরিদ্র পরিবারের নারীদের'কে স্বাবলম্বী করতে এ পাইলট প্রকল্পের উদ্যোগ গ্রহন করেছেন। এবং সামনে সকল উপজেলা ও পৌরসভা পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এ কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্তজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা সমাজ সেবা কর্মকর্তা আবু আবদুল্লাহ মো.ওয়ালী উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ ফ্যামিলি কার্ডের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
