ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০১
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঁশখালী থানার রবিউল হক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক। পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মে-২০২৬ মাসের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. রবিউল হকের নেতৃত্বে মে-২০২৬ মাসে বাঁশখালী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটে। তিনি ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং সভা, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রাখছেন। এ সময়ে থানায় মোট ৪৯টি মামলা রুজু এবং সমসংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়। এছাড়া ১২৫টি বিভিন্ন ধরনের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। মে মাসে ৬০টি ওয়ারেন্ট তামিলের মাধ্যমে আসামি গ্রেপ্তার করা হয় এবং ১৭৬টি ওয়ারেন্ট রিকলসহ অন্যান্য উপায়ে নিষ্পত্তি করা হয়। একই সময়ে নিয়মিত মামলায় ৭৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানেও বাঁশখালী থানা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিভিন্ন অভিযানে ২ হাজার ৫৮টি ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। ৬টি মাদক মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে নিরলসভাবে কাজ করেছে বাঁশখালী থানা। পাশাপাশি নিয়মিত টহল জোরদারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি বাঁশখালী থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাঁশখালী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।'

উল্লেখ্য, বিভিন্ন থানায় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২ মে আনুষ্ঠানিকভাবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. রবিউল হক। যোগদানের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram