

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা থাকায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিজলা গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুল্লাহ কাজী, সলিম মল্লিক, সাহল কাজী ও দ্বীন ইসলাম মল্লিককে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একই দিন জিআর মামলার পলাতক আসামি প্রণয় পাণ্ডেকে খাসেরহাট বাজার থেকে আটক করা হয়। অন্যদিকে দড়িউমাঝুড়ি গ্রামের বাঁধন মেধার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা এবং বড়বাড়িয়া চরপাড়া থেকে ইমন শেখকে ১৭ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এছাড়া উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ইব্রাহিম শেখ, নয়ন ও রুহুল আমিন শেখ নামে তিন যুবককে মাদক মামলায় জেল-জরিমানা করা হয়। আটককৃত ১১ জনের মধ্যে ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশের এই বিশেষ অভিযানে অংশ নেন— এএসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই এসএম সাকিব নিয়াজ, এসআই লিটন কুমার বিশ্বাস, এএসআই মো. মহিদুল ইসলাম শেখ, এএসআই সজল কুমার রায়, এসআই সুজয় কুমার মল্লিক ও এসআই আব্দুস সালাম।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) বেগম রাকেয়া বলেন, "অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদক ও অপরাধমুক্ত চিতলমারী গড়তে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।"
