

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যাংকিং সচেতনতা ও ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম প্রসারের লক্ষ্যে তিনদিন ব্যাপী অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে।
পূবালী ব্যাংক ফকিরহাট উপ-শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ডাকবাংলো মোড়ে ফিতা কেটে অস্থায়ী বুথের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, পূবালী ব্যাংক বাগেরহাট শাখার ব্যবস্থাপক ও এজিএম মো: মনিরুল আমিন। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফকিরহাট উপ-শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: রেজাউল ইসলাম।
প্রিন্সিপাল অফিসার জনাব সোহরব হোসেনের পরিচালনায় এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও পূবালী ব্যাংকের গ্রাহক শেখ হেমায়েত উদ্দিন, শেখ নুরুল ইসলাম, মানিক কুন্ডু, বাবলু কুমার আশ, মোড়ল সাহিদুল ইসলাম, শেখ বদিউজ্জামান জুয়েল, ফিরোজ আহম্মেদ, শেখ শহিদুল ইসলাম সেলিম, শেখ মিঠুসহ বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও পূবালী ব্যাংকের গ্রাহক শেখ হেমায়েত উদ্দিন ও শেখ নুরুল ইসলামসহ অনেকে জানান, ব্যাংকের এ ধরনের উদ্যোগে গ্রাহকদের অনেক উপকার হবে। তারা ব্যাংক থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। নিশ্চিন্তে টাকা লেনদেন করতে পারবেন। চলমান ব্যাংকিং পরিস্থিতিতে পূবালী ব্যাংক আস্থার প্রতিক হয়ে উঠেছে।
ব্যবস্থাপক মো: রেজাউল ইসলাম বলেন, এখানে গ্রাহকরা ২৪ ঘন্টা এটিএম/সিআরএম সুবিধা, ফ্রি অনলাইন ব্যাংক হিসাব খোলার সুবিধা, ফ্রি এটিএম ডেবিট কার্ড, ফ্রি মোবাইল ব্যাংকিং অ্যাপ সুবিধা সহ ব্যাংকের লেন-দেন সংক্রান্ত নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন।
এজিএম মো: মনিরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুয়ায়ী নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল লেন-দেনের সুবিধা প্রান্তি পর্যায়ের গ্রহকদের মধ্যে পৌছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহন করেছে। তারই অংশ হিসেবে এই বুথ স্থাপনের আয়োজন করা হয়েছে।
