

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের রামুতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি নূরুল ইসলাম নাহিদ (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১২ জুন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার রাজারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ জুন) দুপুরে র্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে নাহিদের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। সর্বশেষ গত ২৭ এপ্রিল কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ভুক্তভোগীকে পুনরায় ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পরে নাহিদ বিদেশে চলে গিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূরুল ইসলাম নাহিদ রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা এবং আব্দুস সালামের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
