ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৬
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

পুশইন আতঙ্কে লালমনিরহাট সীমান্তবাসী: কঠোর নজরদারিতে বিজিবি, আনসার ও স্থানীয়রা

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নতুন করে পুশইনের চেষ্টার অভিযোগে সীমান্তজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন এবং পরবর্তীতে পুশব্যাকের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী জনপদের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ফলে সীমান্তবাসীদের মধ্যে শঙ্কা কাটছে না।

জানা গেছে, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মোট ১৮১ দশমিক ৬ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৭৪ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে চলতি মাসের ৫ জুনের পর জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় ওই ৩৩ জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও নতুন করে পুশইনের আশঙ্কা দেখা দিয়েছে।

সীমান্তবর্তী এলাকাবাসীর অভিযোগ, গত দুই দিন ধরে পাটগ্রাম, হাতীবান্ধার বনচৌকি এবং সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতরের আলো বন্ধ রেখে রাতের আঁধারে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের আশঙ্কা, যেকোনো সময় আবারও পুশইনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা কিংবা প্রাণহানির মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আনসার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পুশইন বা অবৈধ অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয়ের স্থায়ী সমাধান জরুরি। তাদের মতে, সীমান্তে উত্তেজনা ও অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর দ্বিপাক্ষিক আলোচনা এবং কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সীমান্তবাসীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram