

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি হাইল হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তাদের জালের মধ্যে একটি বড় সাপ আটকা পড়তে দেখে তারা আতঙ্কিত হয়ে জাল ফেলে সেখান থেকে চলে যান।
পরে বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ মিয়াকে জানানো হলে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং সাপটি উদ্ধারের অনুরোধ জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এরপর প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার মাধ্যমে তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত অজগরটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
