

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরীর পৃথক অভিযানে আব্দুল মালেক খান ও মো. আশেক (২৫) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টায় আন্দরকিল্লা এলাকা থেকে আব্দুল মালেক খান এবং বিকেল সাড়ে ৪টায় বাকলিয়া এলাকা থেকে মো. আশেককে আটক করা হয়। গ্রেপ্তার মালেক চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পরে গ্রেপ্তার দুজনকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
