

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ মধ্যরাতেই শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা শেষকে ঘিরে উপকূলজুড়ে ফিরেছে কর্মচাঞ্চল্য।
তাই সাগরযাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর নিবন্ধিত প্রায় ১৮ হাজার ৩০০'শ ৫ জন সামুদ্রিক জেলে। জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করাসহ মাছ ধরার জাল এবং আনুসঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে অনেকে আবার আগে ভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়।
নোঙর করে রাখা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের মেরামত কাজ। কেউ বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তোলার কাজে ব্যস্ত। নিষেধাজ্ঞা শেষে গভীর সাগরে মাছ ধরতে যেতে এখন পুরো প্রস্তুতিতে উপকূলের হাজারো জেলে।
ফিশিং বোটের মালিক মোঃ দুলাল ব্যাপারী বলেন, টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞার কারণে তাদের আয়-রোজগার প্রায় বন্ধ ছিল। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। তাই নিষেধাজ্ঞা শেষে সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ার আশায় বুক বেঁধেছেন তারা।
জেলেদের আশা, সরকারি এই নিষেধাজ্ঞার সুফলে সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভালো মাছ ধরতে পারলে কাটবে দীর্ঘদিনের আর্থিক সংকট।
মোঃ মনিরুজ্জামান বলেন, দীর্ঘ ৫৮ দিনের অবরোধে জেলেরা প্রায় ঝিমিয়ে পড়েছিল। তবে আজ অবরোধের শেষ দিন হওয়ায় তাদের মাঝে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা আজ মধ্যরাতেই শেষ হচ্ছে। জেলেরা সরকারি নিয়ম মেনে এতদিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন। এর সুফল তারাই ভোগ করবেন। আশা করছি, তারা কাঙ্ক্ষিত মাছ পাবেন।
