

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার টাকার জাল নোটসহ মাহি আক্তার (২২) নামে এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটেছে।
আটক তরুণী মাহি আক্তার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সে বন্দর থানার মদনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আড়াইহাজার সদর বাজারের একটি পানের দোকান থেকে ওই তরুণী ৪'শ টাকার পান কিনে একটি এক হাজার টাকার নোট দেয়। নোটটি জাল মনে হলে দোকানী নোটটি তরুণীকে ফেরত দেয়। এরপর তরুণী ডাবের দোকানে গিয়ে নোটটি দোকানীকে দেয়। সেখানে নোটটি দেখে উপস্থিত জনতার মনে সন্দেহ হলে তারা নোটটিসহ তরুণীকে নিয়ে পার্শ্ববর্তী একটি ব্যাংক শাখায় গেলে নোটটি জাল প্রমাণিত হয়। এ সময় তরুণীকে জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তরুণীকে জাল নোট চক্রের সদস্য সন্দেহ করে পুলিশে সোপর্দ করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
