

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার কলাবাগান মাজার রোডের ৮নং ওয়ার্ডে এক নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হয়ে নাহিয়ান রবিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে রবিন হামলার শিকার হন। রবিন গফরগাঁও পৌরসভার শিলাসী গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহত রবিনের বন্ধু মাসুম জানায়, গতকাল ছিল রবিনের জন্মদিন। স্থানীয় পশু হাসপাতাল রোড বউ বাজারে এক দোকানে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করে দুই বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। মুখোশপরা তিন থেকে চারজন সন্ত্রাসী প্রথমে অতর্কিত প্যাকেট জাত মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় চোখে-মুখে। কিছু বুঝে উঠার আগেই লোহার রড, পাইপ ও চাপাতি দিয়ে আঘাত করলে তারা দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। মাসুম প্রাণভয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা রবিনকে নৃশংসভাবে কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয়রা রবিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গফরগাঁও থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত রবিনের বাবা-মা একমাত্র সন্তান হারিয়ে মাতম করছে। রবিনের বাবা মোফাজ্জল হোসেন এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।
ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পৌর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। এসময় তার বাসায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
