ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৮
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

খানজাহানের মাজারে রহস্যময় গুহা, উন্মোচিত হতে পারে অজানা ইতিহাস

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) এর মাজারকে ঘিরে প্রাচীন নানা লোককথা ও ঐতিহ্য আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। মাজার প্রাঙ্গণে থাকা একটি বন্ধ গুহা, চারটি শালিক পাখির কবর এবং সেখানে সংরক্ষিত দুটি পাথর নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিশ্বাস ও গল্প প্রচলিত রয়েছে।

মাজারের খাদেম সানাওয়ার বলেন, প্রায় সাড়ে ৬০০ বছর আগে হযরত খানজাহান আলী (রহ.) এ অঞ্চলে আগমন করেন। সে সময় তাঁর সঙ্গে বহু অনুসারী ছিলেন, যাদের কবর বর্তমানে মাজার এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। লোকমুখে প্রচলিত রয়েছে, তাঁর সঙ্গে সব সময় চারটি শালিক পাখিও থাকত। মাজার এলাকায় ওই শালিক পাখিগুলোর কবর রয়েছে।

তিনি আরও বলেন, খানজাহান আলীর মাজারের উত্তর পাশে একটি গুহা রয়েছে, যা বহু বছর আগে তৎকালীন খাদেমরা বন্ধ করে দেন। প্রচলিত লোককথা অনুযায়ী, হযরত খানজাহান আলী (রহ.) ওই গুহায় বসে ইবাদত বন্দেগি ও ধ্যান করতেন। বর্তমানে গুহার প্রবেশমুখে দুটি পাথর রাখা আছে। অনেক ভক্ত ও দর্শনার্থী সেখানে তেল ও দুধ নিবেদন করে মনের আশা পূরণের প্রার্থনা করেন। শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই নয়, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষও পাথর দুটিকে শ্রদ্ধা জানিয়ে তেল ঢেলে থাকেন।

এ বিষয়ে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এর কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, মাজারের গুহাটি ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক বছর আগে মাজারের খাদেমরা গুহাটির মুখ বন্ধ করে দেয়। বর্তমানে গুহাটির প্রবেশমুখে দুটি পাথর সংরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, গুহাটি গবেষণার জন্য উন্মুক্ত করা সম্ভব হলে হযরত খানজাহান আলী (রহ.) এর জীবন, কর্ম এবং ওই সময়ের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

বাগেরহাট খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, হযরত খানজাহান আলী (রহ.) এর মাজারকে ঘিরে প্রচলিত লোককথা ও বিশ্বাস শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, বরং বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। লোককথা অনুযায়ী, হযরত খানজাহান আলী (রহ.) ওই গুহায় ধ্যান ও ইবাদতে মগ্ন থাকতেন। এমনকি তাঁর মরদেহও সেখানে সমাহিত রয়েছে বলে স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। এ কারণেই তৎকালীন মাজারের খাদেমরা গুহার মুখ বন্ধ করে দিয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram