ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০১
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আ. মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আ. মনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত রিফাত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে কান্দিগাঁওয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আ. মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১২-১৯৬০ নম্বরের সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরে উপজেলার সদরপুর সেতুর সামনে বাসটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে বাসটি জব্দ করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, মঙ্গলবার দুপুর ১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে দুপুরে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram