ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৯
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণে সেনাবাহিনী, বাড়ছে নজরদারি

সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দীর্ঘদিনের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ধরনের অবকাঠামোগত উদ্যোগ নিয়েছে সরকার। প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশনায় এলাকাটিতে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ জুন) থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে সড়ক নির্মাণ কার্যক্রম শুরু হয়।

সোমবার (৮ জুন) দুপুরে জঙ্গল সলিমপুর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ।

তিনি জানান, প্রাথমিকভাবে চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সড়ক, আলীনগর-টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সংযোগ সড়ক, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশ দিয়ে ভাটিয়ারী-বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যুক্ত আরেকটি সড়ক এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ এলাকায় একটি সড়ক।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুর কার্যত বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছিল। এ সুযোগে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী, ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের আধিপত্য গড়ে ওঠে। নিয়মিত অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো।
সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানের পর এলাকাটিকে স্থায়ীভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণে আনতে সড়ক নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন সড়কগুলো নির্মিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত যাতায়াত নিশ্চিত হবে এবং পাহাড়ি এলাকাগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা সম্ভব হবে।

স্থানীয়দের আশা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে এবং দীর্ঘদিনের অনিরাপদ পরিস্থিতির পরিবর্তন ঘটবে।

সম্প্রতি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার আগে মূল সড়কের একাধিক স্থানে রাস্তা কেটে দেওয়া হয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram