

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় চরচান্দিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সোনাগাজী ডাঙি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) ফেনী জেলা প্রশাসক মনিরা হক ৮.৮ কিলোমিটার জুড়ে এ খনন কাজের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সোনাগাজী সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মনিরা হক বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইজিপিপি কর্মসূচির উদ্দেশ্যও বাস্তবায়িত হবে।
