

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী নদী থেকে ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ভদ্দর লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে। তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাড়া বাসায় থাকতেন এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এই কারণে প্রায়ই নদীর চরে সময় কাটাতেন। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পায়রা বন্দরের ইনচার্জ নয়ন কারকুন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অন্তত দুই এক দিন আগে মারা গেছেন। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে, যা বজ্রপাতে হওয়ার সম্ভাবনা আছে।
