ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২২
logo
প্রকাশিত : জুন ৬, ২০২৬

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

নাটোরে টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে ক্ষুব্ধ হয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে আব্দুর রব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সোনিয়া বেগম নামে এক নারীকে আসামি করা হয়েছে। তিনি পলাতক।

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার আব্দুর রব নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রব ও সোনিয়া বেগম ঢাকা যাওয়ার জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দুটি আসনবিহীন টিকিট সংগ্রহ করেন। নির্ধারিত সময়ে ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে তারা ট্রেনে উঠতে পারেননি। ফলে ক্ষুব্ধ হয়ে আব্দুর রব ও সোনিয়া বেগম রেললাইনের পাশ থেকে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেন। তাদের ছোড়া একটি পাথর ট্রেনের একটি কোচের কাঁচের দরজায় আঘাত করলে সেটি ভেঙে যায়।

এ সময় স্টেশনে অবস্থানরত যাত্রীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তারা প্ল্যাটফর্মে উঠে এলে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা আব্দুর রবকে আটক করতে সক্ষম হন। তার সঙ্গে থাকা সোনিয়া বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রেলওয়ে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনায় যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ে এবং রেলওয়ের সম্পদেরও ক্ষতি হয়। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram