ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৭
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

বাঁশখালীতে খাবারে বিষক্রিয়ার সন্দেহ, হাসপাতালে একই পরিবারের ৫ জন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে রাতের খাবার খেয়ে একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন অচেতন হয়ে পড়েছেন। খাবারের সঙ্গে বিষাক্ত বা নেশাজাতীয় কোনো দ্রব্য মেশানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বাড়িতে লুটপাটের অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার মো. ইউসূফের বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ব্যক্তিরা হলেন–মো. ইউসূফ (৪৭), তার স্ত্রী ফরিদা বেগম (৪২), ছেলে মো. মিনহাজ (২৪), এরফান (১৭), মেয়ে জেরিন আক্তার (১৯) এবং ইউসূফের ভাতিজা আব্দুর রহিম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউসূফের বাড়ির পাশে একটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর জন্য পরিবারের সদস্যরা ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সেই সুযোগে কেউ ঘরে প্রবেশ করে রান্না করা খাবারে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে রাতে ওই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন।

ইউসূফের দশ বছর বয়সী জেনি আক্তার নামে এক মেয়ে ওই রাতে খাবার না খাওয়ায় সুস্থ রয়েছে। তার ভাষ্যমতে, এক ব্যক্তি তাকে দেশীয় অস্ত্র দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে খাটের ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ বাড়ির বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা অচেতন অবস্থায় পড়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে শুক্রবার সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।'

চাম্বলস্থ বেসরকারি ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুনুল কবির বলেন, 'খাদ্যে বিষাক্ত কোনো দ্রব্য প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে অবশিষ্ট খাবারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram