

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী পৌর শহরে জুতার দোকানের কর্মচারী হিসেবে চাকরীর আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে রাজবাড়ী জেলা শহরের বড় বাজার ৫ তলার মোড় এলাকার করিম সু-হাউজে এ অভিযান চালিয়ে চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুলাল সিকদার রাজবাড়ী জেলা সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি এলাকার আফাজউদ্দিন সিকদারের ছেলে। দুলাল করিম সু-হাউজের একজন কর্মচারী।
জেলা গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাজবাড়ী বড় বাজারের করিম সু-হাউজের দ্বিতীয় তলা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুলাল সিকদারকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জুতার দোকানে কাজ করার আড়ালে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
