

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকজন শ্রমিক স্থানীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটি সেতুর নির্মাণকাজে মাটি কাটার কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ মাটিধসে তিন শ্রমিক চাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. রাকিব ও মো. ইলিয়াস নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শাহজাহান নামে অপর শ্রমিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহত তিন শ্রমিকই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার বাসিন্দা।
এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
