

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকসহ তার মা ও বোনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ (১৭) ওই এলাকার আবুল কালামের ছেলে। অভিযুক্ত শামিম (১৮) একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, হামিদ ও শামিম ছিলেন প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু। হামিদ পেশায় মোবাইল মেকানিক এবং শামিম টমটম চালক। কিছুদিন আগে শামিম হামিদের কাছে একটি মোবাইল ফোন মেরামত করান। কিন্তু নির্ধারিত টাকা পরিশোধ না করে সময়ক্ষেপণ করছিলেন তিনি।
ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ (জনি) জানান, ঘটনার দিন সকালে শামিমের সঙ্গে দেখা হলে হামিদ পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শামিমের মা ও বোনও সেখানে এসে হামিদকে টানা-হেঁচড়া করে। পরে শামিম হঠাৎ একটি ছুরি দিয়ে হামিদের পেটে আঘাত করে।
হামিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শামিমকে আটক করেন এবং তার মা ও বোনকে অবরুদ্ধ করে রাখেন। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
