

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসহ এক যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে ৪ পিস ইয়াবা সেবনরত অবস্থায় মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মহেশখালী উপজেলাজুড়ে মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
