

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইচ্ছা পূরণে বাবা আজহার আলী ও মা ফাতেমা খানমের কবরের পাশেই খনন করা হচ্ছে কবর। আজ মঙ্গলবার সকালে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার কবর খননকাজ শুরু হয়।
দুপুরে প্রথমে ভোলা সরকারি স্কুল মাঠে ও বিকেলে বাড়ির সামনে আরেকটি জানাজা শেষে তাকে বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদের কবর খননের কাজের নেতৃত্ব দিচ্ছেন ৭০ বছর বয়সী আবু তাহের। তোফায়েল আহমেদের বাবা, মা, স্ত্রীসহ পরিবারের অনেকের কবর খনন করার অভিজ্ঞতা রয়েছে বৃদ্ধ আবু তাহেরের।
আবু তাহের জানান, তিনি ৭০ বছর বয়সে শতাধিক মানুষের কবর খনন করেছেন।
এই বয়সে তোফায়েল আহমেদের বাবা মরহুম আজহার আলী, মা ফাতেমা খানম ও স্ত্রী আনোয়রাসহ এই পরিবারের সবার কবর খনন করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি বর্ষীয়ান এই নেতার খবর খনন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
তোফায়েল আহমেদের মেজো বোনের ছেলে মো. রকিবুল ইসলাম বলেন, ‘আমার মামার স্বপ্ন ছিল মৃত্যুর পর বাবা-মায়ের পাশেই যেন তাকে দাফন করা হয়। তার সেই স্বপ্ন পূরণে পরিবারের সিদ্ধান্তেই তাকে সেখানে দাফনের জন্য কবর খনন করা হচ্ছে।
