

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীদতে ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাসের কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এসময় সহকারী কমিশনার মুকসুদুস সালেহীনসহ বিআরটিএর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ জানান, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে তারা বাস কাউন্টার অভিযান চালিয়ে সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনসহ চারটি বাস কাউন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করে এবং একই সাথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ফেরতও দেয়ার নির্দেশ দেয়া হয় এবং বাড়তি ভাড়া না নেয়ার জন্য মৌখিকভাবে বলা হয়েছে।
তিনি আরও জানান, জনবল সীমিত থাকার পরও তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
