

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার (১ জুন) র্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রণিসম্পদ কার্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা ভেটেরিনারী অফিসার ড. বিনয় কৃষ্ণ মন্ডল, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. আজহার-উল আলম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, ভেটেরিনারী সার্জন ডা. মো. তরিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে দুগ্ধ শিল্পের অবদান তুলে ধরেন। বিশেষ করে দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের অংশগ্রহণ ও সাফল্যের প্রশংসা করে তাদেরকে আরও বেশি সহযোগিতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।
