

লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়েজ আহমেদ (৭২) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) সন্ধ্যার পর উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আটকপালিয়া বাজারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ফয়েজ আহমেদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
