ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১০
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার ভোর থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ স্থবিরতার কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকায় সাধারণ যাত্রীদের বিশেষ করে নারী ও শিশুদের ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে।

যানজটে আটকে পড়া চালকেরা জানিয়েছেন, বালুয়াকান্দি ও জামালদি বাসস্ট্যান্ডের মতো এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে গাড়ি সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় আটকে থাকায় চালকদের ক্লান্তি ও ঘুম চোখে চরম বিপর্যস্ত অবস্থায় সময় পার করতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে প্রায়শই এমন যানজটের সৃষ্টি হয়, যার ফলে কোনোভাবেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের তৎপরতা প্রসঙ্গে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণেই মূলত এই দীর্ঘ যানজটের সূত্রপাত হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল সচল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram