

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন দুর্গাসাগরকে আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার আন্তরিক প্রচেষ্টায় দুর্গাসাগর এলাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন “BABUGANJ” ভিউ পয়েন্ট।
সরেজমিনে দেখা যায়, ভিউ পয়েন্টটির নির্মাণকাজ ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নির্মিত এ স্থাপনাটি সম্পন্ন হলে দুর্গা সাগরের সৌন্দর্যে যুক্ত হবে নতুন মাত্রা। সাজানো টাইলস, আধুনিক লাইটিং ব্যবস্থা, বসার উপযোগী পরিবেশ ও সবুজায়নের মাধ্যমে পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, দুর্গাসাগর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাবুগঞ্জের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। আমরা চাই এই স্থানটি আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশে গড়ে উঠুক। সেই লক্ষ্য থেকেই ‘BABUGANJ’ ভিউ পয়েন্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে প্রকৃতি ও স্থানীয় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখতে সুন্দর ও আধুনিক পরিবেশ তৈরি করা খুবই জরুরি। নির্মাণকাজ সম্পন্ন হলে এখানে আসা দর্শনার্থীরা একটি মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। সাজানো টাইলস, দৃষ্টিনন্দন লাইটিং ও সবুজায়নের মাধ্যমে পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই দুর্গাসাগরে দর্শনার্থীদের আগমন থাকলেও আধুনিক ও দৃষ্টিনন্দন কোনো ভিউ পয়েন্ট না থাকায় অনেকেই স্বস্তিদায়ক পরিবেশ থেকে বঞ্চিত হতেন। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষদের জন্য এটি হবে অন্যতম আকর্ষণীয় স্থান।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ শুধু সৌন্দর্যবর্ধনেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাবুগঞ্জের পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে। একইসঙ্গে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।
তাদের মতে, পরিচ্ছন্ন, আধুনিক ও পর্যটনবান্ধব বাবুগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার।

