

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাঁচগাও এলাকায় বেশ কয়েকদিন ধরে মাটি কিনে বিক্রি করে আসছে ওসমান গনি। বুধবার রাত ১২ দিকে মাটি তোলার ভেকু ডেবে যায়। খবর পেয়ে ওসমান মোটরসাইকেল যোগে তার সাথে কয়েকজন সহযোগী নিয়ে ওই রাতে ঘটনাস্থলে গেলে ২০/২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র গ্ৰুপ তাকে ঘিরে ফেলে। কোন কিছু বলার আগেই ওসমানকে মুখোশধারীরা তার মাথায়, গলা ও গাড়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঘাতে ওসমান গণি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্বজনরা ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া ওসমান গণির প্রতি ক্ষুব্ধ ছিলো। অন্য ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নে এসে মাটি তুলছে এ জন্য রমজান মিয়া ওসমান গণির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে গত মঙ্গলবার ওসমান গণির সাথে রমজান মিয়ার বাগবিতণ্ডা ঘটেছে।
নিহত ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি বড় বিনাইর চর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ মর্গে রয়েছে, মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আাটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে তিনি কোন মন্তব্য করতে চাননি। তিনি আরো বলেন, ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্দ জনতা ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড়বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেছে। আঞ্চলিক মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয়রা। বিক্ষুব্দরা বেশ কয়েকটি অটো ভাংচুর করে। এ আঞ্চলিক মহাসড়কে সকাল সাতটা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণির হত্যাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘আমার চাচার হত্যার বিচার খুব ভয়ংকর হবে।’ ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান জানান, ওই স্থানে মাটি তোলার অভিযোগে কয়েকবার জরিমানা করা হয়েছে, তবে এই বেকু দিয়ে মাটি তোলার ব্যাপারে সরকারি কোন অনুমোদন ছিল না।

