

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে জালিয়াতি করে অবৈধভাবে মালামাল পরিবহন করার সময় ২০০ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ দুইজন গ্রেফতার হয়েছে। জব্দ জিরা ও ট্রাকের মূল্য এক কোটি ১ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মোঃ সেলিম মিয়া (৩১) ও লক্ষীপুর মোঃ আজমল হোসেন (২০)। সোমবার (১৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির জানায়, এর আগে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটিকে থামায়। এ সময় বিজিবি টহলদল কর্তৃক তল্লাশীকালীন গাড়িতে মালামালের সাথে থাকা কাগজপত্র কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় যাচায়ান্তে নকল প্রমাণিত হওয়ায় দুই আসামীকে গ্রেফতারসহ তাৎক্ষণিকভাবে জিরা ও গাড়ি জব্দ করা হয়।
জানা যায় যে, কতিপয় অসাধু ব্যবসায়ী সম্প্রতি কাস্টমস কর্তৃক প্রদানকৃত মালামালের বৈধ ডকুমেন্ট পরিকল্পিতভাবে জালিয়াতি করে একই কাগজ প্রদর্শন করে অবৈধ মালামাল পরিবহন করে এবং পথিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক মালামাল তল্লাশী ও কাগজপত্র যাচাই করার সময় চোরাকারবারীরা হুবহু আসলের মতো দেখতে জালিয়াতি কপি প্রদর্শন করে অবৈধ মালামাল পরিবহন করে সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জালিয়াতি করার বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় শনাক্ত হয়। কাস্টমস প্রতিনিধিগণের সহায়তায় বিজিবি টহলদল নিবিড় পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৭ মে মালামাল অবৈধভাবে ট্রাকযোগে বহন করে নিয়ে যাওয়ার সময় সীমান্তের পাঁচ কিলোমিটার অভ্যন্তরে বিজিবি টহল দলের নিকট প্রদর্শন করা কাগজ জালিয়াতি নিশ্চিত হয়ে মালামাল জব্দ করা হয়। অবৈধভাবে বহন করা জব্দকৃত জিরা, যানবাহন এবং আসামীসহ যথাযথ নিয়মে মাধবপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

