

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় ভুল অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ করেন স্বজনরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ত্রিশাল উপজেলার পূর্ব পাঁচপাড়া (ফায়ার সার্ভিস সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সাংবাদিক ইব্রাহিম খলিল রহিমের ছোট ভাই।
স্বজনদের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে নজরুল ইসলামকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রথমে তাকে অক্সিজেন দেওয়া হয়। পরে চিকিৎসক একটি ইনজেকশন প্রয়োগ করলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময় পর তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার ভুল অভিযোগ তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীর মৃত্যুর পর হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে স্বজনরা দায়িত্বরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহামুদ পাঠানকে ঘিরে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা আপাতত কোনো আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহামুদ পাঠান বলেন, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম জিয়াউল বারী বলেন, শ্বাসকষ্ট নিয়ে রোগী হাসপাতালে এসেছিলেন। তাকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার অংশ হিসেবে ওমিপ্রাজল ইনজেকশন প্রয়োগ করা হয়েছিল। পরে রোগীর মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতির অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

