

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: দীর্ঘ ৪১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের অবসানে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা রানী সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন শিক্ষার্থী ও সহকর্মীরা। এ সময় অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সহকর্মীরা বলেন, “অনিতা রানী সাহার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি অত্যন্ত দায়িত্বশীল ও সময়ানুবর্তী শিক্ষক ছিলেন। তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মহসিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাইজুদ্দিন আহমেদ খোকন, মাছিমপুর বাজার কমিটির সভাপতি সালাম মাস্টার, কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার এবং বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
এসময় সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী খোকন মিয়া, রবিউল আউয়াল রবি, টিটন সরকার, শাহিন সাকেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জানা যায়, অনিতা রানী সাহা ১৯৮৫ সালে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সময়ের শিক্ষকতা জীবনের মধ্যে ৩০ বছর তিনি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রায় দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা করে অবসরে যান এই সহকারী শিক্ষিকা।
অনুষ্ঠান শেষে অনিতা রানী সাহাকে ফুলের মালা পরিয়ে সম্মান জানিয়ে বিশেষ আয়োজনে গাড়ি দিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

