

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় খানসামা ও পাকেরহাট এলএসডির আওতায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ–২০২৬ মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খানসামা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তোজাম্মেল হোসেন, খানসামা এলএসডির ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. আমিনুর রহমান, পাকেরহাট এলএসডির ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মশিউর রহমানসহ মিল মালিক ও কৃষকেরা।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলায় সরকারিভাবে মোট ২২৮ মেট্রিক টন ধান এবং ১ হাজার ২৪১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা (প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা) এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা (প্রতি মণ ১ হাজার ৯৬০ টাকা) দামে সংগ্রহ করা হবে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এর আগে উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, অবৈধ ডলার ব্যবসা, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজি প্রতিরোধ, উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
পরে সরকারের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হয়। এ সময় ৩০ জনকে দুটি করে ছাগল এবং ৯ জনকে ৩০ কেজির তিনটি করে ফিডের বস্তা প্রদান করা হয়।
এছাড়া খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেশিন টুলস অপারেশন ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন হুইপ আখতারুজ্জামান মিয়া। এ সময় তিনি জরুরি প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদাপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

