

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘদিনের দখল ও দূষণের কবল থেকে রহমতপুর খাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এতিমখানা কালভার্ট এলাকা ও রহমতপুর অংশে যৌথভাবে অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানিয়েছে, প্রথম ধাপে চিহ্নিত ৭৮টি অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।
গত ফেব্রুয়ারি মাসে গণমাধ্যমে খাল দখল ও দূষণের কারণে ভরাট হয়ে যাওয়ার সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হলেও এবার শুরু হয়েছে জমি পুনরুদ্ধারের মূল অভিযান।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের জমি দখল করে বিভিন্ন ব্যক্তি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন পর প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশকর্মী ও পৌরবাসী। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ উচ্ছেদ অভিযানের প্রতি সমর্থন জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রহমতপুর খালের সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। স্থাপনা অপসারণের পর সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজ শুরু করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

