

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় এবার মাঠে নেমেছে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্প। সেই প্রকল্পকে সামনে রেখে বুধবার রাজশাহীর পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত হল উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও লিয়াকত সালমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, রাজশাহী ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যেরা।
সভায় বক্তারা বলেন, স্কুল-কলেজের পড়ুয়াদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশেষ করে বুলিং, ইভটিজিং ও যৌন হয়রানির মতো ঘটনাগুলি কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলছে।
ব্র্যাক সূত্রে জানা গিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চলবে ‘শিখা’ প্রকল্প। রাজশাহী-সহ দেশের ছয়টি জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে এর কার্যক্রম। পুঠিয়া উপজেলায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় শুধু স্কুল নয়, গণপরিবহন, আরএমজি সেক্টর ও স্থানীয় কমিউনিটিতেও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ‘রিস্ক ম্যাপ’ তৈরি, বাল্যবিবাহ প্রতিরোধ, অভিভাবক সভা এবং যুব ফোরাম গঠনের মতো একাধিক উদ্যোগও নেওয়া হচ্ছে।
সভায় ইউএনও লিয়াকত সালমান বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সচেতনতার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থাও জরুরি।”
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের কথায়, “যৌন হয়রানি কেবল একটি অপরাধ নয়, এটি একটি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র— সর্বত্র নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রকল্প উপস্থাপনা করেন ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেন।

