

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসির মিয়া কল্যান্দী এলাকার সরকারি খালের পাশে তার পুকুর থেকে কোন অনুমোদন ছাড়াই ১১ মে রোববার রাত থেকে বালু উত্তোলন শুরু করেছেন। কিছুদিন পুর্বে ওই পুকুর থেকে তিনি ১০ ফুট গভীর করে ভেকু দিয়ে পুকুর কেটে মাটি বিক্রি করেছেন।
এখন অবৈধভাবে এই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পাশে থাকা খালের পার সহ আশেপাশের ফসলি জমি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। এখান থেকে বালু উত্তোলন বন্ধ না হলে ক্ষতির সম্মুখীন হবে এলাকার কৃষক। তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে পারছেনা।
এ বিষয়ে বালু উত্তোলনকারী বাসির মোবাইল ফোনে জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েই বালু উত্তোলন শুরু করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান জানান, বালু উত্তোলনের জন্য তাকে কোন অনুমতি দেয়া হয় নাই। ড্রেজার বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।
এ সম্পর্কে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, বিষয়টি জেনে ড্রেজার বন্ধের জন্য কার্যক্রম চলছে।

