

মো: খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট দূর করতে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি এলাকা থেকে প্রধান সড়ক পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রায় ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা ব্যয়ে ৫৮০ মিটার খাল পুনঃখননের এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হতো। এতে কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে ফসলের ক্ষতি এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

